ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ
ঢাকার সাভার-বাইপাইলে তীব্র যানজটে দুই কিলোমিটার সড়ক অতিক্রম করতে সময় লেগে যাচ্ছে দেড় ঘণ্টার বেশি। আজ মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে বাইপাইলের চিত্র ছিল এমন।
আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করলেও রাত ৯টার পর পরিস্থিতির অবনতি ঘটে।
যানবাহনের বাড়তি চাপ, সড়কের নাজুক অবস্থা, উল্টো পথে ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে থমকে গেছে যান চলাচল।
এ ছাড়া গাবতলী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট পর্যন্ত যান চলাচল রয়েছে স্বাভাবিক। তবে নবীনগর পয়েন্টে থমকে যাওয়া যানজট বিস্তৃত হয়ে তা ছড়িয়ে পড়েছে সাভারের বিষমাইল পর্যন্ত। সন্ধ্যার পর থেকে ঢাকা-টাঙ্গাইলমুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বাড়তে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নবীনগর থেকে বাইপাইল হয়ে শ্রীপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে যানজট।
ঢাকা জেলা পুলিশের টিআই, (প্রশাসন, উত্তর) মোহাম্মদ রুহুল আমীন সোহেল জানান, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে ধীরগতি ও অব্যবস্থাপনা ছাড়াও আশুলিয়ার বাইপাইল এলাকায় বেহাল রাস্তার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।
রুহুল আমীন সোহেল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী শফিকুল ইসলাম বলেছেন, অতি বৃষ্টির কারণে সড়কে খানাখন্দের সৃষ্টি হওয়ায় কিছুটা ধীরগতি থেকে যানজটের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রকল্প থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেড় শতাধিক জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জাহিদুর রহমান