জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজন গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. জাহাঙ্গীর (৫৪) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন গত ১৪ মে সাবেক রেলমন্ত্রীকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছিলেন। সেই অনুযায়ী আজ শুনানিকালে নূরুল ইসলাম সুজনকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বেলা ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ পুলিশ, র্যাব ও বিজিবি এলোপাতাড়ি গুলি ছোড়ে। ওই সময় রাস্তা পারাপারের সময় গুলিবিদ্ধ হন মো. জাহাঙ্গীর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১১টার দিকে মারা যান জাহাঙ্গীর। পরবর্তী সময়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

আদালত প্রতিবেদক