সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার
নাশকতাসহ বিভিন্ন মামলায় নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তারের পর আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে নজরুল ইসলাম হিরুকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, নজরুল ইসলাম হিরু আমাদের কাছে আছেন। উনাকে এখনও কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তবে প্রক্রিয়া চলমান আছে।
নজরুল ইসলাম হিরু নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক