চাঁদাবাজরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না : পর্যটনমন্ত্রী
মানিকগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা। বিশেষ করে মাদকব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে জনমনে আতঙ্ক বাড়ছে বলে মন্তব্য উঠে এসেছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, মাদকব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
গতকাল সোমবার (১১ মে) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সন্ত্রাসী, মাদককারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদার করতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও বিএনপিনেতা নূরতাজ আলম বাহার বলেন, জেলায় হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে।
নূরতাজ আলম বাহার আরও বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের কারণে জেলার পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। ভবন নির্মাণ করতে গেলেও চাঁদা দিতে হচ্ছে। বিভিন্ন বাসাবাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জেলার সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান বলেন, পৌরসভার অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন উন্নয়নকাজের জন্য সড়ক খুঁড়ে দীর্ঘদিন ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
রশিদ খান জানান, পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম খান লোদী, জামায়াতে ইসলামীর জেলা আমির কামরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নারী নেত্রী সাবিবা হাবিব ও এনসিপির জেলা সভাপতি আমিনুর ইসলাম।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ