ভিমরুলের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
চাঁদপুর শহরে বসতবাড়িতে ফুলের বাগান পরিচর্যা করতে গিয়ে একাধিক ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ (৪৫) নামে এক আবাসন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের তরপুরচণ্ডী খলিফা বাড়িতে এই ঘটনা ঘটে।
সোহাগ ওই বাড়ির মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে। তিনি এক ছেলে সন্তানের জনক।
সোহাগের চাচাশ্বশুর মো. নাছির আলম বলেন, সোহাগ নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করতে গেলে একাধিক ভিমরুল তাকে মাথায় কামড় দেয়। মারাত্মক ব্যথা অনুভব হওয়ায় বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যায়।
রাত ৮টায় নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে সোহাগের দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

শরীফুল ইসলাম, চাঁদপুর