মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পূর্ব তিল্লী ব্রিজ সংলগ্ন সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (৮ মে) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার চর তিল্লী গ্রামের জাহাঙ্গীরের ছেলে আলম ও বিল্লাল হোসেনের ছেলে কালো মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী যাচ্ছিলেন। তারা পূর্ব তিল্লী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের সামনের বাম চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত অপর ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)