জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (৬ মে) চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে পান ব্যবসায়ী নয়নকে কুপিয়ে আহত করা হয়। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা বাজারে পান ও জুতার ব্যবসা করতেন। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয়রা জানায়, ব্যবসায়ী নয়ন গতকাল মঙ্গলবার রাত ১১টায় জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে এলে তার গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। তার অবস্থা গুরুতর দেখে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানেও অক্সিজেনের সংকট থাকায় স্বজনরা বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত নয়নের বোন কোহিনুর আক্তার বলেন, নয়নের অবস্থা গুরুতর দেখে চিকিৎসকের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেও অক্সিজেনের সংকট থাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে আমার ভাই মারা যায়।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, এলাকার একটি পক্ষের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল আনোয়ার হোসেনের। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহত নয়নের মরদেহ ঢাকা থেকে চৌদ্দগ্রাম এলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)