ধান পরিবহণের সময় বৈদ্যুতিক শকে প্রাণ গেল যুবকের
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে বিদ্যুতায়িত হয়ে শামিম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে ধান পরিবহণের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামিম বেথুলি গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শামিম পেশায় একজন ধান পরিবহণ শ্রমিক ছিলেন। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি ট্রলি গাড়িতে করে মাঠ থেকে ধান আনা-নেওয়ার কাজ করছিলেন। পথে একটি বাড়ির ধান পরিষ্কার করার মেশিনের বৈদ্যুতিক তার রাস্তার ওপর নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত ট্রলিটি ওই ঝুলন্ত তারের সংস্পর্শে এলে পুরো গাড়ি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে শামিম ও তার সহকারী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিম হোসেনকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে এবং পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে তদন্ত চালাচ্ছে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)