বিএনপি কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা সংসদ সদস্য ডা. রফিকুলের
সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে স্থাপিত বিএনপির সব অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। আজ রোববার (৩ মে) দুপুরে গাজীপুরের শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে মহাসড়ক পরিদর্শনে এসে এ নির্দেশনা দেন তিনি।
ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকা পরিদর্শনের সময় সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে এ নির্দেশনা দেন।
সংসদ সদস্য বলেন, গাজীপুর-৩ নির্বাচনি এলাকায় মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে গড়ে তোলা বিএনপি কার্যালয়সহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। যত দূর সম্ভব এই স্থাপনা উচ্ছেদ করে সড়কের শৃঙ্খলা ফেরাতে হবে।
সংসদ সদস্য আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের পাশ দিয়ে একটি ড্রেন নির্মাণ করা হবে। এটি তেলিহাটিসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করবে।
সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, মহাসড়কের রঙিলা বাজার এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আজ সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরিদর্শনে এসেছেন। সংসদ সদস্য নির্দেশনা দিয়েছেন সর্বপ্রথম মহাসড়কে বিএনপির কার্যালয় উচ্ছেদের। এ নির্দেশনা উচ্ছেদ কার্যক্রমকে সহজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভুইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নানসহ অন্যান্যরা।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)