গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।
আন্দোলনের সপ্তম দিনে আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে নেমে আগুন জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাস, যাত্রীবাহী যানবাহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও চালক।
খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা ১১টার দিকে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে আন্দোলন শান্ত করার চেষ্টা করেন। তবে শ্রমিকেরা দাবি আদায়ে অনড় থাকেন। পরে বেলা সাড়ে ১১টার পর শিল্প পুলিশ ও থানা-পুলিশ যৌথভাবে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য গুরুতর আহত হন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।
দুপুর ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।

বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)