রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে বৈদ্যুতিক খুঁটিতে আগুন
রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে একটি বৈদ্যুতিক খুঁটিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার (৩ মে) সকালে শহরের গুরুত্বপূর্ণ এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শহরের যে এলাকায় আগুন লাগে সেখানে প্রেসক্লাব, বিএনপির দলীয় কার্যালয়, জনতার আদালত পত্রিকা অফিস এবং সালমা হোটেলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয়রা জানান, হঠাৎ করেই বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খুঁটির নিচেই দোকানপাট এবং সালমা হোটেলে সকালের নাস্তা করতে আসা মানুষের ভিড় থাকায় আতঙ্ক আরও বেড়ে যায়।
সালমা হোটেলের এক কর্মী জানান, হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সবাই ছোটাছুটি শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।
প্রত্যক্ষদর্শী ইসলাম জানান, বিকট শব্দ শুনে তাকিয়ে দেখেন খুঁটিতে আগুন জ্বলছে। হোটেলের লোকজন দ্রুত বাইরে বেরিয়ে আসে। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।
এদিকে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের (ওয়াই-ফাই) ও ডিশ লাইনের তারের জঞ্জাল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. মামুন-অর-রশিদ জানান, বিষয়টি তার জানা নেই, তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন। সাধারণত লুজ কানেকশন থেকে স্পার্ক হতে পারে। তবে বৈদ্যুতিক খুঁটিতে ডিশ ও ইন্টারনেটের তারের অনিয়ন্ত্রিত জটলাকেও দায়ী করেন তিনি। তার মতে, এসব তারে স্পার্ক লাগলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে জনাকীর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারত।

মো. কবির হোসেন, রাজবাড়ী