বজ্রাঘাতে চা-বাগানে শ্রমিক নিহত, আহত ২
পঞ্চগড়ের আটোয়ারীতে চা-বাগানে কাজ করার সময় বজ্রাঘাতে সারওয়ারদ্দী (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই চা শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সারওয়ারদ্দী ওই গ্রামের আবু সামাদের ছেলে। আহত শ্রমিকরা হলেন- একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টার দিকে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক স্থানীয় একটি বাগানে চা পাতা কাটতে যান। কাজ চলাকালীন হঠাৎ বজ্রপাত হলে সারওয়ারদ্দীসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সারওয়ারদ্দীর মৃত্যু হয়। আহত মোস্তফা ও জাহেরুল ইসলামকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল জানান, বজ্রাঘাতে এক শ্রমিকের মৃত্যু ও দুজন আহত হয়েছেন।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়