যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ উদ্ধার
যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ থাকা সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ পাওয়া গেছে।
নিহত ওই শিক্ষার্থীর নাম জামিল আহমেদ লিমন (২৭)। তিনি এবং নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নামে আরেক বাংলাদেশি শিক্ষার্থী ১০ দিন আগে নিখোঁজ হন। দুজনই সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির শিক্ষার্থী। এরমধ্যে লিমন ছিলেন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি শিক্ষার্থী। আর বৃষ্টি পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত জামিল আহমেদ লিমনের রুমমেটকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে এনবিসি নিউজ জানিয়েছে।
হিলসবোরো কাউন্টি পুলিশ সংবাদ সম্মেলনে জানিয়েছে, শুক্রবার সকালে ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজ থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়।
এদিকে আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জোসেফ মাউরার বলেন, জামিল আহমেদ লিমনের মৃত্যুর ঘটনায় তার রুমমেট হিশাম সালেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা, হামলা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর খবর না দেওয়া এবং মরদেহ গোপন করার অভিযোগ আনা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে হিশামের বাসা থেকে একটি ফোনকল পান। এরপর ওই বাসায় অভিযানে গেলে পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে আসলেও হিশাম সালেহ বেরিয়ে আসতে অস্বীকৃতি জানায়। তখন ঘটনাস্থলে সোয়াট দলকে ডাকা হয়।
সোয়াট সদস্যদের নির্দেশে হিশাম সালেহ বাড়ি থেকে বের হয়ে আত্মসমর্পণ করেন।
জামিল আহমেদ লিমনকে সর্বশেষ ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ট্যাম্পায় নিজ বাসায় তাকে দেখা যায় বলে জানায় পুলিশ। এরপর থেকে তার সঙ্গে পরিবারেরও আর যোগাযোগ হয়নি।
অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টিকেও ওইদিন সকাল ১০টার দিকে সর্বশেষ দেখা যায়। তখন বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে ছিলেন তিনি।
বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত (২৯) এনবিসি নিউজকে বলেন, তার বোনের (বৃষ্টির) সঙ্গে লিমনের একসময় সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে যায়।

এনটিভি অনলাইন ডেস্ক