২ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
যশোর সদর উপজেলায় যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কেজি গোল্ড পেস্ট (স্বর্ণের পেস্ট) ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (২২ এপ্রিল) ভোরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল উপজেলার তারাগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করে।
উদ্ধার করা স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট বাজার মূল্য এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা বলে জানয়েছে বিজিবি।
বিজিবি যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন ভারতীয় নাগরিক ওয়াজিদ আলীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯০০ গ্রাম ওজনের গোল্ড পেস্ট উদ্ধার করা হয়। এ ছাড়া ওয়াজিদ আলীর কাছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকা পাওয়া গেছে।
আটক ওয়াজিদ আলীর পাসপোর্ট পর্যালোচনা করে জানা যায়, তিনি ভারতের মুম্বাইয়ের থানে শহরের বাসিন্দা। তিনি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য, মিসর ও বাংলাদেশ হয়ে আবার ভারতে বেশ কয়েকবার যাতায়াত করেছেন। গত ২০ এপ্রিল তিনি ভারতের মুম্বাই থেকে দুবাই যান এবং সেখান থেকে বিমানে ঢাকা হয়ে সড়ক পথে ভোমরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিলেন।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত হওয়া গেছে। আটক ওয়াজিদ আলীর বিরুদ্ধে মামলার পর তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জব্দ করা স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

সাইফুল ইসলাম সজল, যশোর