গোপালগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে একদল লোকের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিজিবির সদস্যদের হস্তক্ষেপ ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) মোড়ে একদল লোক লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। এ সময় সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির একটি যৌথ টহলদল।
বিজিবি এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।
গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খানের নেতৃত্বে টহলদলটি অবস্থানকারীদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজিবি জানায়, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। এ ধরনের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক