আজ যে দামে মিলছে স্বর্ণের ভরি
দেশের বাজারে গতকাল শনিবার (২৮ নভেম্বর) আরেক দফায় বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
গতকাল সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজারি স্বর্ণের দাম বাড়ায় বাজুস বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
আজ রোববার (২৯ নভেম্বর) নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
গত ২৭ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে গত ২৬ নভেম্বরও স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ টানা তিন দফায় স্বর্ণের দাম প্রতি ভরিতে মোট ৪ হাজার ৭২৪ টাকা বাড়ানো হলো।

এনটিভি অনলাইন ডেস্ক