ঘাস কাটতে গিয়ে আটপাড়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
নেত্রকোনার আটপাড়ায় হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেসির হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলতু মিয়া ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আলতু মিয়া গ্রামের সামনের হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান। কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রবৃষ্টি থেমে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা হাওরে গিয়ে আলতু মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহানুর রহমান বলেন, বজ্রাঘাতে নিহতের বিষয়টি আমরা জেনেছি। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন থেকে যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

ভজন দাস, নেত্রকোনা