খুলনার ফুলতলায় ছুরিকাঘাতে যুবক খুন
খুলনার ফুলতলা থানাধীন এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে ফুলতলা থানার ০২ নং দামোদর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের দামোদর জমাদ্দারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আনুমানিক এক সপ্তাহ আগে ভিকটিম সাব্বিরের (১৯) সঙ্গে মূল অভিযুক্ত সিজানের (১৯) বিরোধের সূত্রপাত হয়। বিরোধের জেরে ঘটনার দিন উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। পরবর্তীতে সাব্বির তার পরিচিত আরও দুজনকে ঘটনাস্থলে ডেকে আনলে অভিযুক্ত সিজান তার সহযোগীদের নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্রের আঘাতে সাব্বির গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টায় সাব্বির মৃত্যুবরণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী জানান, এ ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত মূল অভিযুক্তসহ অন্যান্য সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
খুলনা জেলা পুলিশ ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা