পল্টন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে সাত জনকে গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানা এলাকায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে সাত জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম পল্টন থানাধীন দৈনিক বাংলা মোড় এলাকায় ব্লক রেইড পরিচালনা করে সাত জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- জসিম উদ্দিন (১৯), মো. ইব্রাহিম (২১), মো. সোহাগ (২৬), তালহা ইসলাম রিদান (২০), মো. ডালিম (২৭) মো. ইয়ামিন (৩২) ও মো. ইউসুফ (২০) ।
গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে দুই জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)