ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক মামুন ফের রিমান্ডে
রাজধানীর পল্টন মডেল থানার মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ফের তিন দিন রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জুনাইদ এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক(এসআই) তোফাজ্জল হোসেন আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে। ২৬ মার্চ তাকে পাঁচ দিন রিমান্ডে পাঠায় আদালত। পরবর্তীতে গত ৩১ মার্চ আরও ৬ দিন রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়া হয়। সেই রিমান্ড শেষে হলে আজ আবারও রিমান্ডে নতুন করে নেওয়া হলো।
এজাহার থেকে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

আদালত প্রতিবেদক