কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড : এক আসামি কারাগারে
কেরানীগঞ্জের ‘এসার গ্যাস প্র’ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে গ্রেপ্তার আসামি ইমান উল্লাহ প্রকাশ মাস্তানকে (৫০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (৫ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এই আদেশ দেন। আজ ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মো. রফিকুল ইসলাম আসামিকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক আগামীকাল সোমবার (৬ এপ্রিল) রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগরে প্রেরণ করেন।
এদিকে আজ দুপুরে ইমান উল্লাহকে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
নথি থেকে জানা গেছে, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা ডিবজলের গলিতে অবস্থিত মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে ছয়জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা ইমান উল্লাহসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর দুই আসামি হলেন—কারখানাটির মালিক মো. আকরাম উল্লাহ আকরাম এবং তার ছেলে আহনাফ আকিফ আকরাম।

আদালত প্রতিবেদক