দেশে ফিরলেন পাচার হওয়া নারী-শিশুসহ ৩৩ বাংলাদেশি
ভারতে পাচার হওয়া ৩৩ জন বাংলাদেশি নারী-পুরুষকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত আসাদের মধ্যে ৮ জন নারী ও শিশু এবং ২৫ জন পুরুষ রয়েছেন।
আজ রোববার (২২ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তারা যশোর, খুলনা, নড়াইল, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্তজা জানান, প্রায় তিন বছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা অবৈধভাবে কলকাতায় গিয়েছিলেন। সেখানে পুলিশের হাতে আটক হওয়ার পর আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেয়। সাজা শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের শেল্টার হোমে রাখে। পরবর্তী সময়ে দুই দেশের দূতাবাসের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান।
ওসি মোর্তজা আরও জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিরা জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচার করে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং সেখানে তাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা হয়। দীর্ঘ কষ্টের পর দেশে ফিরতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’র ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, তাদের সংস্থা এসব ব্যক্তিদের গ্রহণ করেছে এবং আজ সোমবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মহসিন মিলন, বেনাপোল