ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই তরুণী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি তরুণী। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা তরুণীরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের বাসিন্দা লাবনী বিশ্বাস ও একই উপজেলার মহিষখোলা গ্রামের বাসিন্দা মনি বিশ্বাস।
নিজের অভিজ্ঞতা জানিয়ে লাবনী বিশ্বাস বলেন, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে আমরা ২০২৪ সালের ৪ আগস্ট সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতের বেঙ্গালুরুতে গিয়েছিলাম। সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে আটক হই। পরে আদালত আমাদের দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠান। কারাভোগ শেষে বেঙ্গালুরুর বালামন্দির চাইল্ড হোম তাদের নিজেদের জিম্মায় রাখে। পরবর্তীতে উভয় দেশের দূতাবাসের সহায়তা ও ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করেছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে আমাদের শেল্টার হোমে রাখা হয়েছে। বুধবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মহসিন মিলন, বেনাপোল