মাদারীপুরে বাস-তরমুজবাহী ট্রাকের সংঘর্ষে আহত ১৫
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে মহাসড়কে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী যাত্রীরা।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘বোগদাদ পরিবহণ’র একটি যাত্রীবাহী বাস তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক পটুয়াখালী থেকে আসা একটি তরমুজ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের চালকসহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, বাস ও ট্রাকের সংঘর্ষের পর মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছিল। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

এম. আর. মুর্তজা, মাদারীপুর