ঈদযাত্রায় গাজীপুরে মহাসড়কে থেমে থেমে যানজট
ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী উঠানামা, এলোমেলো পার্কিং ও উল্টোপথে অটোরিকশা চলাচল করায় এ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন যানবাহন সংশ্লিষ্টরা। এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহণগুলোর বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। রাতভর বৃষ্টিপাতের ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া এলোমেলো গাড়ি পার্কিং, রাস্তায় মানুষের ঢল ও সড়কের এক পাশে গাড়ি পার্কিং করায় রাস্তা সরু হয়ে গেছে। এতে স্বাভাবিক গতিতে চলছে না গাড়ি।
গাড়ির কয়েক গুণ বেশি চাপ ও মানুষের ভিড়ের কারণে কবিরপুর থেকে চন্দ্রা ও কালিয়াকৈর এবং আশেপাশের এলাকায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির মন্থর গতি। চান্দনা চৌরাস্তায় সড়কের পাশে গাড়ি পার্কিং করায় লেন সঙ্কুচিত হয়ে গেছে। এছাড়া যাত্রী ওঠানামা করায় এ পয়েন্ট অতিক্রম করতে যানবাহনগুলোর সময় বেশি লাগছে। এতে এই অংশে বাসন সড়ক থেকে তেলিপাড়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা বিড়ম্বনার শিকার হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান।
পুলিশ বলছে, বুধবার দুপুরের পর তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় একযোগে শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাজীপুর ছাড়ছেন। ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন ও ঘরমুখো মানুষের ভিড় ও জটলা দেখা গেছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, স্বেচ্ছাসেবক ও অন্যান্য সংস্থার লোকজন কাজ করছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, গাজীপুরের সব শিল্প এলাকার কারখানাগুলো আজ থেকে ছুটি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি লক্ষাধিক শ্রমিক গাজীপুর ছেড়ে যাচ্ছেন। এ কারণে মহাসড়কে যাত্রীর সংখ্যা বেড়েছে। গত রাতে বৃষ্টির ফলে সড়কের খানাখন্দে পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্টেশনে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সড়কজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

নাসির আহমেদ, গাজীপুর