মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, প্রবাসীদের জন্য নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে আগামী ১৬ মার্চ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে এবং এতে ৩ শিফ্টে ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে গতকাল সোমবার (৯ মার্চ) জারিকৃত অফিস আদেশ অনুযায়ী এই কার্যক্রমের বিষয় জানানো হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন জানান, রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের অষ্টম তলায় এই প্রবাসী কল সেন্টার নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে জারিকৃত অফিস আদেশে আরও বলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
এছাড়াও অফিস আদেশে কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে, আজ থেকে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ উইং এর সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং ছক মোতাবেক তথ্যাদি সংগ্রহপূর্বক ফোকাল পয়েন্ট কর্মকর্তার নিকট জমা প্রদান করবেন।

নিজস্ব প্রতিবেদক