ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে ৪০ কেজি গাঁজা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে প্রায় ৪০ কেজি গাঁজা জব্দ করেছে রেলওয়ে পুলিশ।
গতকাল শুক্রবার (৬ মার্চ) রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন থেকে এসব গাঁজা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ট্রেনটিতে অভিযান চালান।
তল্লাশির একপর্যায়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত পাওয়ার কার বগির ছাদে সন্দেহজনক অবস্থায় রাখা কয়েকটি প্যাকেট দেখতে পান পুলিশ সদস্যরা। পরে ২১টি প্যাকেট থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেনের ছাদ থেকে এসব গাঁজা জব্দ করা হয়েছে। জব্দ হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
মোহাম্মদ রফিকুল ইসলাম আরও বলেন, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া