পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন দুই সংবাদকর্মী। বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে হামলার ঘটনাটি ঘটে।
আহত সাংবাদিকরা হলেন- চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদে দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এর মধ্যে রয়েছে হাঁস-মুরগি, গরু-ছাগল, নারকেল, কোরআন শরিফ, বাতাসা, মোমবাতিসহ বিভিন্ন ধরনের সামগ্রী। এ নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বাজারমূল্যের চেয়ে কম দামে এসব দানের সামগ্রী কিনে আসছিল বলে অভিযোগ রয়েছে। ওই কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান চার সংবাদকর্মী।
নিলাম শুরু হলে একপর্যায়ে সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ করে মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভুইয়া পিংকু গুরুতর আহত হন। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তারা।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নূর মোহাম্মদ আরও বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানান, ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, অপরাধী যেই হোক পার পাবে না। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ