ভালুকায় দীপু হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২
ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল বুধবার (৪ মার্চ) রাতে ভালুকার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারেরা হলেন–ভালুকার বাটাজোর ডাকুরিয়া এলাকার সিয়াম আহম্মেদ (১৯) এবং হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলা মোড় এলাকার আব্দুল্লাহ (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দীপু চন্দ্র দাস হত্যার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাত সাড়ে ৮টায় বাটাজোর ডাকুরিয়া এলাকা থেকে সিয়ামকে এবং রাত ১০টায় জামিরদিয়া এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, ঘটনার দিন দীপু চন্দ্র দাসের মরদেহ যখন স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় মেইন রোডের পাশে গাছে ঝুলানো ছিল, তখন গ্রেপ্তারকৃত এই দুই আসামি সেখানে সরাসরি উপস্থিত ছিলেন। তারা রশি টেনে মরদেহ নিয়ে স্লোগান দেন এবং উপস্থিত জনতাকে উত্তেজিত করে তোলেন। শুধু তাই নয়, উসকানি দিয়ে মরদেহের ওপর নির্যাতন চালাতে তারা মুখ্য ভূমিকা পালন করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও আবদুল্লাহ আল মামুন, আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত সর্বমোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আসামি ইতোমধ্যে আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)