মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১১ দোকান
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও ৮টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি হোটেলের পাশে থাকা পেট্রোল ও অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ জানতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ