রূপগঞ্জে ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কাপড়ের গোডাউন পুড়ে ছাই
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিরাজগঞ্জ ফিনিশিং মিলের একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে রাখা বিপুল পরিমাণ লুঙ্গি ও বক্রম পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দাবি, আগুনে তাদের প্রায় দেড় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত সিরাজগঞ্জ ফিনিশিং মিলের কাপড়ের গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, রাত ২টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দল পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দীর্ঘ প্রচেষ্টার পর ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে ক্ষতিগ্রস্ত বুখারী লুঙ্গির মালিক আসাদুজ্জামান বলেন, তার প্রায় ৬৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া মোতালিব লুঙ্গির মালিক আব্দুল মোতালেব প্রায় ৩২ লাখ টাকা এবং সম্রাট লুঙ্গির মালিক আবু তালহা প্রায় ১৭ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছেন। সেই সঙ্গে গোডাউনে থাকা প্রচুর বক্রমও পুড়ে গেছে।
মিলের সিকিউরিটি ইনচার্জের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ জানা যাবে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)