শেখ হাসিনার ফাঁসির রায় জনগণ কার্যকর করতে চায় : প্রতিমন্ত্রী টুকু
হুমকি-ধামকি দিয়ে বাংলাদেশের জাগ্রত জনগণকে রোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আদালতের ফাঁসির রায় এ দেশের আপামর জনগণ নিজেদের হাতে কার্যকর করতে চায় বলেও দাবি করেন তিনি।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প-এর আওতায় প্রান্তিক সুফলভোগী খামারিদের মাঝে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, হুমকি-ধামকি দিয়ে কোনো লাভ হবে না। গণঅভ্যুত্থানে বিতাড়িত শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে, তা দেখার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। বিগত সরকার গুম-খুন চালিয়েছে এবং নিষ্পাপ শিশুদের হত্যা করেছে। জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই সৈরাচার সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন আবার তারা নানা অপপ্রচারের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, হত্যাকাণ্ড ও গুমের পর্বতসম অপরাধের বিষয়ে বিন্দুমাত্র অনুশোচনা না করে উল্টো হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। ফাঁসির রায় থেকে এভাবে হুমকি দিয়ে রেহাই পাওয়ার দিন শেষ। রাজপথের এ জনতাকে ভয় দেখিয়ে পিছু হটানো যাবে না।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানান, খাল পুনঃখনন, মৎস্য খামার সম্প্রসারণ ও প্রাণিসম্পদ খাতের বৈপ্লবিক উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির চাকা সচল করার নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। বিতরণকৃত বকনা বাছুরগুলো সুষম লালন-পালনের মাধ্যমে সুফলভোগীরা ভবিষ্যতে নিজেদের আত্মনির্ভরশীল ও সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচির কথা স্মরণ করে তিনি বলেন, মানিকগঞ্জ থেকেই সেদিন প্রান্তিক কৃষকের অর্থনৈতিক মুক্তির গোড়াপত্তন হয়েছিল। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-দৌলতপুর) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।
সভা শেষে দৌলতপুর উপজেলার ২৫ জন সুবিধাভোগী প্রান্তিক খামারির হাতে আনুষ্ঠানিকভাবে বকনা বাছুর ও উন্নত গোখাদ্য তুলে দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ