ষড়যন্ত্র করলে কঠোরভাবে দমন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
বাংলার জমিনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না, ষড়যন্ত্র করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে যাদের বাংলাদেশে রাজনীতি করা নিষিদ্ধ, তারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যাদের অতীত ইতিহাস গণতন্ত্রের গলা চেপে ধরা এবং মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে জড়িত, তারা যদি আবারও গণতান্ত্রিক যাত্রাপথ ব্যহত করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
নেতকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নির্দেশনা নিয়ে এসেছি। আগামীতে যারাই ষড়যন্ত্র করার চেষ্টা করবে, তাদের রাজনৈতিকভাবে দমন করতে হবে। দেশ থেকে তাদের উৎখাত করে ফেলতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের সহযোগীরা দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বর্তমান বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশ এক হয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে কেউ আন্দোলন-সংগ্রামের নামে সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটির প্রতি কারও চোখ রাঙানি এ দেশের মানুষ মেনে নেবে না। দেশের এক ইঞ্চি মাটিও কারও দখলে নেওয়ার ক্ষমতা নেই।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বন্ধুত্ব চায়, কোনো দেশের প্রভুত্ব মেনে নিতে চায় না। একই সঙ্গে সীমান্ত, বাণিজ্য ও অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়েও বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
তিস্তার পানি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত সুষ্ঠুভাবে পানি বণ্টন না করলে চীনের সহযোগিতা নিয়ে তিস্তা ব্যারেজ নির্মাণ করে বর্ষা মৌসুমের পানি ধরে রাখার উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতে দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির ধারাবাহিকতা বন্ধের উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রীর নেতৃত্বে জেলা শহরে একটি বিশাল সন্ত্রাসবিরোধী মিছিলও বের করা হয়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ