ফাঁদ ও জবাই করা ২ হরিণসহ আটক শিকারীর জেল-জরিমানা
বরগুনার পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযানে দুটি জবাই করা হরিণ ও ৯০০ ফুট হরিণ শিকারের ফাঁদসহ এক শিকারীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কোস্ট গার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কারাদণ্ডাদেশ পাওয়া হরিণ শিকারী মো. হানিফ (৪৫) পাথরঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, গতকাল সোমবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে দুটি জবাই করা হরিণ ও ৯০০ ফুট হরিণ শিকারের ফাঁদসহ মো. হানিফ নামে এক শিকারীকে হাতেনাতে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড আরও জানায়, এ ঘটনায় আজ সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিকারী মো. হানিফকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাথরঘাটার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পনির শেখ এ আদেশ দেন।
জবাই করা হরিণের বিষয়ে জানতে চাইলে বনবিভাগের পাথরঘাটা সদর বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে হরিণ দুটির চামড়া ও শিং সংরক্ষণ করা হয়েছে। তবে মাংসে কেরোসিন মিশিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)