চাঁদপুরে মাদক কারবারিকে ৫ বছরের কারাদণ্ড
চাঁদপুরে পাঁচ কেজি গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে মো. ফিরোজ হাওলাদার (৩৩) নামে ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) দুপুরে চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ রায় দেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ফিরোজ হাওলাদার মাদারীপুর জেলার শিবচর থানার চরভদ্রাসন ইউনিয়নের হাওলাদার বাড়ির বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ ফিরোজ হাওলাদারকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ছিল এক লাখ টাকা। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা হয়।
আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন জানান, মামলার তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় দেন।

শরীফুল ইসলাম, চাঁদপুর