বিশালাকৃতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে পদ্মায় অবমুক্ত
মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে। ছবি : এনটিভি
মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। আজ রোববার (১ মার্চ) বিকেলে কচ্ছপটি উদ্ধারের পর পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, আজ রোববার বিকেলে একদল অসাধু ব্যক্তি কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে শিবচর বাজারে নিয়ে আসে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কচ্ছপটি সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে রশি দিয়ে বেঁধে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং শিবচর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা কচ্ছপটি উদ্ধার করে ওজন মেপে দেখেন এর ওজন প্রায় সাড়ে ৩২ কেজি। পরে সেটিকে নিরাপদ আশ্রয়ের জন্য উপজেলার কাঁঠালবাড়ি এলাকার পদ্মা নদীতে নিয়ে অবমুক্ত করা হয়।

এম. আর. মুর্তজা, মাদারীপুর