আমরা নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি। স্বপ্ন দেখছি আমাদের তরুণ নেতা দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। তিনি অতি অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের মধ্যে একটা অবস্থান করে নিয়েছেন। তিনি কাজ শুরু করেছেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আরো শক্তিশালী হয়ে উঠবে। তার নেতৃত্বে নতুন যে সরকার গঠন করা হয়েছে সেই সরকার সফল হবে। বাংলাদেশকে তার কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যেতে এবং সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে; যা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লক্ষ্য ছিল। আমরা আশা করব পূর্বের মতো সবসময় বাংলাদেশের মানুষ আমাদের দলকে সহায়তা করবে।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের কিছু নিয়মকানুন আছে। কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোকে একজায়গায় নিয়ে এসে সঠিক সময়ে নির্বাচন দিব। এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।
সংরক্ষিত নারী আসনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটা সংসদে সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তাদের জনগণ ও দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে।
বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে তাদের কার্যক্রম নিষিদ্ধ সেভাবেই এদেরকে দেখা হবে।

নিজস্ব প্রতিবেদক