জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
জামালপুরের মেলান্দহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম কুরমান আলী (৬০)।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটারে এই দুর্ঘটনা ঘটে। কুরমান আলী মেলান্দহ উপজেলার বাঘাডোবা এলাকার মৃত আহাল আলী শেখের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরমান আলী মানসিকভাবে অসুস্থ ও কানে কম শুনতেন। সকালে বাড়ির পাশে মেলান্দহ স্টেশনের আউটারে রেললাইনে তিনি বসেছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি মেলান্দহ স্টেশনে প্রবেশকালে কুরমান আলী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে।
জামালপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়া কুরমান আলী নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আসমাউল আসিফ, জামালপুর