ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার তিন ছাত্রলীগ কর্মী কারাগারে
ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ জিন্নাহ।
কারাগারে যাওয়া আসামিরা হলেন—মিরপুর গভর্নমেন্ট রুপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. সাকিব, নোয়াখালীর হাতিয়া ডিগ্রি কলেজের মো. জিহাদুল ইসলাম জিহাদ ও বরিশালের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রিফাদ।
মামলার নথি থেকে জানা গেছে, গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আসামিদেরকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহার থেকে জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর ধানমণ্ডির কাজী নজরুল ইনস্টিটিউটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে বিভিন্ন স্লোগান ও মিছিল দিতে থাকেন। এ সময় সেখানে ধানমণ্ডি ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শওকত ওসমান বাবু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগ কর্মী মিলন খানকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় বাদী হন ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল হেলাল।

আদালত প্রতিবেদক