নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী কেয়া ২ দিনের রিমান্ডে
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস শাখার সাবেক সহসভাপতি জান্নাতুল ফেরদৌস কেয়ার দুদিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন।
রিমান্ডের আবেদনে বলা হয়েছে, গত ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণির মহাখালী বাস টার্মিনালসংলগ্ন ইউটার্নে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে একটি মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান। আসামি কেয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় নেত্রী ও আওয়ামী লীগের একটি টেলিগ্রাম গ্রুপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া আসামিদের হেফাজত থেকে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত, গ্রেপ্তার ও ককটেল সরবরাহের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে কেয়াকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আদালত প্রতিবেদক