সেনাবাহিনীর অভিযানে কক্সবাজারে বিদেশি অস্ত্রসহ যুবক আটক
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার মধ্য রাত ২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ১ নং ওয়ার্ড এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ জুলু ডাকাতের পুত্র আমিন এবং তার দেহরক্ষী জানে আলম সহ অপর একজন বাঙালিকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র প্রদর্শন ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে যৌথবাহিনী কর্তৃক ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি টি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তল ম্যাগাজিন, দুটি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল অ্যামুনিশন, দুটি কার্তুজ ও দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনীর সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার