মোংলায় ভোটকেন্দ্র পাহারা দেবে যুবদল
মোংলায় ভোটকেন্দ্র পাহারা দিবে যুবদল। কেন্দ্রে যাতে কেউ জাল ভোট দিতে এবং প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য এ উদ্যোগ যুবদলের।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাশতলা বাজারে ধানের শীষ প্রতীকের প্রচারকালে যুবদলনেতারা এ ঘোষণা দেন। এরপর তারা ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভায় যোগ দেন।
সুন্দরবন ইউনিয়ন যুবদলনেতা রেজাউল হাওলাদার, রবিউল হাওলাদার ও মিলন হোসেন বলেন, একটি দল ভোটের দিন ভোরে কেন্দ্রে গিয়ে জাল ভোট দিতে ও প্রভাব বিস্তারের পাঁয়তারা চালাচ্ছে। সে দলটি ইতোমধ্যে তাদের দলীয় লোকজনকে নির্বাচনি প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার পদে অন্তর্ভুক্ত করেছে। তাই তারা যাতে কোনো ধরনের অন্যায়, অনিয়ম করতে না পারে সেজন্য যুবদল সব কেন্দ্র পাহারা দেবে। ভোট গণণা শেষ না হওয়া পর্যন্ত যুবদল কেন্দ্র ছাড়বে না।
বাগেরহাট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রগুলোতে দলের নেতাকর্মীরা ভোরেই যাবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন। কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করতে গেলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।

আবু হোসাইন সুমন, মোংলা