অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা
রাজবাড়ীতে অবৈধভাবে পরিচালিত ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : এনটিভি
রাজবাড়ীতে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাটির অবৈধ ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় বিএসবি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
অভিযানের সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে বিএসবি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে মালিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বলেন, পরিবেশ সংরক্ষণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

মো. কবির হোসেন, রাজবাড়ী