সাবেক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা
গাজীপুরের কাপাসিয়ায় সাবেক কৃষকদল নেতা হেলাল উদ্দিনকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং ওই ইউনিয়ন কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হেলাল উদ্দিন। বাড়ির কাছাকাছি একটি লিচু বাগানের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ রোববার সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দলের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাসির আহমেদ, গাজীপুর