প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাচাঁনী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় মাহি ও জিয়াকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণ করতে দেখা গেছে, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাচাঁনী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগনেতা হামিদ আলী ও কুরবানপুর এলাকার রাসেল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে দুই গ্রুপ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় হামিদ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত পাচাঁনী এলাকার মফিজুল ইসলাম মাহি ও তার সহযোগী মাইদুল ইসলাম জিয়া অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, তবে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)