বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত
ভোলার লালমোহন উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার আবু তাহের মাতাব্বর (৪৫) ও মো. অলি উল্যাহ ডুবাই (৫৮)। তারা দুজন সম্পর্কে আপন শ্যালক-দুলাভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে গজারিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে কর্তারহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভোলাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এই ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে বাসের আগুন নেভানো হয়েছে এবং গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আফজাল হোসেন, ভোলা