প্রাণে বাঁচলেন বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী
ঢাকা থেকে কুমিল্লা ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা সদর আসনের বিএনপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি ও তার ব্যক্তিগত সহকারী আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. মাসুম বিল্লাহ জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হন তারা। দুপুর আনুমানিক ২টার দিকে গাড়িটি সোনারগাঁও উপজেলার চেঙ্গাকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ হার্ড ব্রেক করেন। এ সময় পেছন থেকে আসা বাংলাদেশ বিমানবাহিনীর একটি বাস তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত গাড়িটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মনিরুল হক চৌধুরী ও তার সহকারী মাসুম বিল্লাহ শরীরে আঘাত পান। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন।
শারীরিক অসুস্থতা ও আঘাত সত্ত্বেও কুমিল্লায় পৌঁছেই মনিরুল হক চৌধুরী দলীয় কার্যক্রমে অংশ নেন। বিকেলে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় আয়োজিত একটি উঠান বৈঠকে তিনি যোগদান করেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা