রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহেল রানা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) বিকেলে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সোমবার দুপুরে রামেক হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত সোহেল রানা রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা ছিলেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, গত ৪ জানুয়ারি রাত ১২টায় সোহেল রানাকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির সময় তিনি সাত দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকরা তাকে ‘এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম’-এ আক্রান্ত বলে শনাক্ত করেন। এর পাশাপাশি তার সেপটিসেমিয়া ও একিউট কিডনি ইনজুরি (একেআই) জটিলতাও দেখা দেয়।
ডা. শংকর কুমার বিশ্বাস আরও জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৭ জানুয়ারি সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নিহত সোহেল রানার কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। অর্থাৎ তিনি স্থানীয়ভাবেই ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে দুজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী ভর্তি হননি।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)