হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার আটক
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে আশ্রয়ের খোঁজে আসা এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটক আনসার সদস্যরা হলেন শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে ওই গৃহবধূ ও তার স্বামী মানিকগঞ্জের বেতিলা এলাকায় নানাশ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েন। রাত গভীর হওয়ায় নিরাপত্তার কথা ভেবে রাত সাড়ে ১২টার দিকে তারা সদর হাসপাতালের সামনে আশ্রয় নেন।
সেখানে গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ ও আবু সাঈদ সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের হাসপাতালের ভেতরে নিয়ে যান। কৌশলে স্বামীকে নতুন ভবনের নিচতলায় বসিয়ে রেখে গৃহবধূকে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগীর অভিযোগ, সেখানে ভয়ভীতি দেখিয়ে ওই দুই আনসার সদস্য তাকে পালাক্রমে ধর্ষণ করেন।
ঘটনার পর গৃহবধূ নিচে নেমে স্বামীকে বিষয়টি জানালে তারা স্থানীয়দের সহায়তায় সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং ভুক্তভোগীর শনাক্তের ভিত্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে। বর্তমানে ওই নারী মানিকগঞ্জ সদর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ নেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, আনসার সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভুক্তভোগীর চিকিৎসা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ