জামালপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বৈধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি শেষে মেলান্দহ উপজেলা বিএনপির এই যুগ্ম সাধারণ সম্পাদকের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
এর আগে, গত ৩ জানুয়ারি জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের সমর্থনে তথ্যগত অমিলের কারণে তার প্রার্থিতা বাতিল করেছিলেন। ৫ হাজার ৩৯৬ জন ভোটারের সমর্থন যাচাইয়ের সময় একজন ভোটারের তথ্যে ত্রুটি পাওয়া গিয়েছিল বলে তখন জানানো হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট ওই ভোটার সশরীরে নির্বাচন কমিশনে হাজির হয়ে তার দেওয়া ভোটসংক্রান্ত তথ্য সঠিক বলে স্বীকার করেন। আপিল শুনানিতে এই বিষয়টি তথ্য-প্রমাণসহ উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্রটি বৈধ বলে রায় দেয়। এর ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পেলেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
উল্লেখ্য, এই আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। দলীয় প্রার্থীর পাশাপাশি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন শুভ।
মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন সঠিক বিষয়টি যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করেছে।
তিনি জামালপুর-৩ আসনের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভোটারদের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে তিনি নির্বাচনি কার্যক্রমে এগিয়ে যেতে চান। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে মেলান্দহ ও মাদারগঞ্জ এলাকার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)